ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ বিকাল
  • ২১৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ‘বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা রয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ট্রাস্ট ফান্ডের আওতায় আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. শ্রেণি পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বৃত্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে আইন বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করার লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি এ ধরনের ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad