ভারতের বিপক্ষে চাপ নয়, জয় পেতে চায় বাংলাদেশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ বিকাল
  • ৩১৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে চাপকে গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। বরং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার সুযোগ উপভোগ করতে চান দলের অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তাঁর মতে, চ্যাম্পিয়ন হতে হলে ভারতের মতো দলের বিপক্ষে জয় পেতেই হবে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে ভারতের বিপক্ষে সেমিফাইনাল এড়ানোর সুযোগ হারায় বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে হারমানপ্রিত কৌরের দলের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। ফলে সেমিফাইনালে তারাই স্পষ্ট ফেবারিট। তবে এই বাস্তবতা নিয়ে বাড়তি চাপ নিতে রাজি নন সুপ্তা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর তিনি বলেন, চাপ নিয়ে ভাবলেই চাপ অনুভূত হয়। ভারতের মতো সেরা একটি দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য উপভোগের বিষয়। চ্যাম্পিয়ন হতে হলে এমন দলের বিপক্ষে খেলতে ও জিততে হবে।

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯, শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ। তবে বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ইন্দোনেশিয়া ও আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে দলটি।

আমিরাতের বিপক্ষে একপর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে একাদশে ফেরা সুপ্তা দলের হাল ধরেন। ৩১ বলে ৩৭ রান করার পাশাপাশি নাহিদা আক্তারের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ ৪২ রানের জুটি।

ওই সময়ের পরিস্থিতি নিয়ে সুপ্তা বলেন, এমন পরিস্থিতি মাঝে মাঝে আসতেই পারে। তখন তাঁর ক্রিজে টিকে থাকা এবং নিচের সারির ব্যাটারদের সঙ্গে জুটি গড়া জরুরি ছিল। শুরুতেই পাঁচ-ছয়টি উইকেট পড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজন হয়।

নাহিদার প্রশংসা করে সুপ্তা বলেন, ওই সময় নাহিদা দারুণ আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। তাঁর সঙ্গে ইনিংস এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বোলিং আক্রমণের ওপর আস্থা থাকায় তারা জানতেন, কীভাবে এ ধরনের দলের বিপক্ষে জয় পেতে হয়।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা

দুবাইয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠে এসে দলকে সমর্থন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুপ্তা।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দর্শকেরা মাঠে এসে দলের জন্য গলা ফাটিয়েছেন। জয় পাওয়ার পর তাদের আনন্দ-উচ্ছ্বাস দলের খেলোয়াড়দের জন্যও বড় প্রাপ্তি ও আনন্দের বিষয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad