ঝালকাঠির নলছিটি উপজেলায় ইভা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইভা আক্তার উপজেলার শেকড়কাঠি গ্রামের অটোরিকশাচালক মো. শহিদ সিকদারের মেয়ে। তিনি জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ইভাকে ঘরে রেখে পাশের কক্ষে অবস্থান করছিলেন। পরে তার বাবা বাড়িতে ফিরে মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।
নিহতের চাচা আব্দুর রশিদ সিকদার জানান, ইভার এমন মৃত্যুর পেছনে কোনো কারণ তাদের জানা নেই। পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ বা মনোমালিন্য ছিল বলেও জানা যায়নি।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক