আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম বৃদ্ধি করছেন।
তিনি আরও বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি বিশ্বস্ত ও সম্মানিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চার হাজারেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।
সেনাপ্রধান জানান, বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর ১৭৫ জন সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮৭ জন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার