জুলাই গণঅভ্যুত্থানে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ৮৭৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এ ধাপ শুরু হবে।

বুধবার (১০ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন তাদের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে। পরে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আদালত তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে।

শামীম ওসমানের পাশাপাশি মামলার অন্য আসামিরা হলেন— তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, একটি বেসরকারি টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৩ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একই আদেশে ১০ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, প্রথম ঘটনায় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জন নিহত হন। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। এরপর তদন্ত ও প্রাথমিক শুনানি শেষে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad