সিরাজগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বিদেশগামী কর্মীদের দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (১০ জুন) সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ ডেস্ক) মো. ইশতিয়াক খান, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, সিরাজগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ মো. সোহেল রানা এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান উজ্জ্বল।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রমা পিছিলাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিদেশগমন-ইচ্ছুক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে প্রথমেই দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য সরকার বিভিন্ন কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তারা আরও বলেন, বিদেশ যাওয়ার আগে ভিসা, চুক্তিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। সচেতনতার অভাবে অনেকেই দালালচক্রের প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুসরণ এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশগমনের বিকল্প নেই।
সেমিনারে অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি