হজ পালন শেষে নতুন উপস্থিতিতে আলোচনায় এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্প্রতি পবিত্র হজ পালন করে দেশে ফেরার পর তাকে দাড়িসহ দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে।
বুধবার (১০ জুন) বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সেনাপ্রধানের দাড়ি রাখার বিষয়টি উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশের সেনাপ্রধান। দায়িত্ব পালনকালে তাকে আগে দাড়ি রাখতে দেখিনি। তিনিই সম্ভবত এ ধরনের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।”
তিনি আরও লেখেন, “অনেকে বলতে পারেন, দাড়িই কি ইসলাম? তবে আমার কাছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাড়ির কারণে এ দেশে অনেক মানুষ নানা ধরনের সামাজিক ও প্রশাসনিক হয়রানির শিকার হয়েছেন। এমন একটি দেশের সেনাপ্রধান যদি দাড়ি রাখেন, আমি একে ইতিবাচক বার্তা হিসেবেই দেখি। আল্লাহ তাকে কবুল করুন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারীও সেনাপ্রধানের এ নতুন উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ এটিকে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে মন্তব্য করছেন।
তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। তার নতুন এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার