পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিন লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ছাদুরারপুল এলাকায় সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর, পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও খাসজমিতে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রজাতির মোট তিন লাখ গাছের চারা রোপণ করা হবে।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক