পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।
শনিবার প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, পরিচালিত ১২৭টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন হাজি।
ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।
এদিকে চলতি বছরের হজ পালনকালে সৌদি আরবে মোট ৫০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে মক্কা ও মদিনায় পরিচালিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ২৭ হাজার ৬৬৫ জন হাজি।
উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা শুরু হয় গত ১৭ এপ্রিল। ওই দিন রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ