কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকার একটি গ্যারেজে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রবেশ করে একটি সুজুকি এসএফ মডেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. ইসমাইলের ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে কসবা উপজেলার শিমরাইল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং চক্রটির মূল সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
তিনি আরও জানান, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক