জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়।
রোববার সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে সীমান্তবর্তী ফসলি মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক প্রায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখেন। ক্ষুধার্ত অবস্থায় তিনি কৃষকদের কাছে খাবার ও পানি চান। কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং অভিযোগ করেন, ভোরে বিএসএফ সদস্যরা তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। তবে বিএসএফ তাকে নিজেদের ভেতরে না নিয়ে সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় বসিয়ে রাখে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধটি শূন্যরেখায় অবস্থান করছিলেন। এ সময় বাংলাদেশের অংশে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা সতর্ক অবস্থানে ছিলেন এবং ভারতীয় অংশে অবস্থান নেয় বিএসএফ।
দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখে। স্থানীয়দের সহযোগিতায় পুশইনের প্রচেষ্টা প্রতিহত করা হয়। পরে রোববার রাতের দিকে বিএসএফ ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে।
হাটখোলা সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির নায়েক সুবেদার মাহবুবুর রহমান বলেন, “বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি, কারণ তিনি ভারতের নাগরিক।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক