তিস্তা নদীর ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং বৈজ্ঞানিক ড্রেজিং কার্যক্রম গ্রহণের ঘোষণা দিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সঠিক পরিকল্পনার ভিত্তিতে বাঁধ নির্মাণ ও নদী খনন করা গেলে তিস্তাপাড়ের লাখো মানুষকে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।
শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পানি সম্পদমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞ ও কারিগরি দলের সদস্যদের নিয়ে তিস্তা এলাকার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। নদীভাঙন, বন্যা এবং পানিপ্রবাহ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, উজানের পানিপ্রবাহ ও আকস্মিক স্রোতের কারণে তিস্তার বিভিন্ন এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে।
মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে, তবে এর সুফল উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষ সরাসরি ভোগ করবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিও আরও শক্তিশালী হবে।
তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, প্রকল্পের কারিগরি ও সম্ভাব্যতা সংক্রান্ত কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় সেমিনার ও পর্যালোচনা শেষে প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ উপস্থাপন করা হবে।
পরিদর্শন ও মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমনিরহাট ও নীলফামারী জেলার প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার