কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে উঠে উল্টে খাদে পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কালভার্টে উঠতে গিয়ে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মো. সোহেল রানা (গাজীপুর জেলা)।
দুর্ঘটনার পর ট্রাকের হেলপার, ট্যানারি কর্মচারীসহ আরও দুইজন আহত হন। আহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার মো. সোহেল সর্দার এবং ট্রাকের হেলপার মো. মনির হোসেন। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন জানান, ট্রাকটি চামড়া বোঝাই থাকায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। রেকার আনার চেষ্টা করা হলেও সড়কের অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাক থেকে চামড়া নামিয়ে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম দর্পণ,ডেস্ক