সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ৩৪ জন ‘স্বপ্নসারথি’ কিশোরীর মাঝে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ব্র্যাক।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে আয়বর্ধনমূলক (আইজিএ) সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা এবং প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মো. আয়নাল হক, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. শাহানুর হোসাইন এবং ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. হাবিবুর রহমান।
এ সময় সার্বিক সহযোগিতা করেন সেলপ কর্মসূচির অফিসার শোভন মণ্ডল ও কমিউনিটি অর্গানাইজার (সিও) মিতু খাতুনসহ ব্র্যাক রায়গঞ্জ এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি