লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রেখে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। জে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির দল। একই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩-৩ গোলে ড্র করায় রানারআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে অস্ট্রিয়া।
জর্ডানের বিপক্ষে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর ৩০তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫তম মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে ব্যবধান ২-১ করেন।
এর পাঁচ মিনিট পর লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নেমেই আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি আনেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নিখুঁত শটে জালে জড়িয়ে দলের তৃতীয় গোল করেন মেসি। তাঁর সেই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে গড়েন নতুন এক অনন্য রেকর্ড।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ৩২-এর লড়াইয়ে স্কালোনির দলের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স