প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শারীরিক কিংবা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতাকে জয় করা যায়। তবে আয়েশার সাফল্য যেন ব্যতিক্রমী ঘটনা হয়ে না থাকে। দেশের প্রতিটি শিশু যেন নিজ নিজ সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জন্মগত শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দুই হাতহীন তরুণী আয়েশার জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’ অনুষ্ঠানে বিশেষভাবে প্রদর্শিত হয়।

প্রথম দর্পণ,ডেস্ক