বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বা অতিরিক্ত মনে হলে প্রথমেই নিকটস্থ সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করা উচিত। অভিযোগ গ্রহণে কর্তৃপক্ষ অনীহা দেখালে কিংবা অভিযোগের যথাযথ প্রতিকার না মিললে সে বিষয়টিও নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে।
তিনি বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে এর আগেও বিভিন্ন অভিযোগ এসেছে। সেসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই অভিযোগ অবশ্যই নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে করতে হবে।
তথ্য উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগ্রহী।
তিনি বলেন, কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে—তা স্পষ্টভাবে উল্লেখ করে অভিযোগ জানাতে হবে। অভিযোগ গ্রহণে ব্যর্থতা বা কর্তৃপক্ষের অসহযোগিতার বিষয়ও সংশ্লিষ্টদের অবহিত করা যেতে পারে।
ডা. জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ