রাজধানীতে গ্রামপুলিশের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রামপুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
শনিবার রাজধানীতে আয়োজিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশ নিতে আসার পথেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রামপুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহাসমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রামপুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।
নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রামপুলিশের চাকরি দেওয়া হবে।
এ ছাড়া সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক