নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সহোদর ভাই ও একজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশের কাচ ভেঙে যায় এবং বাসটি দুমড়েমুচড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি। নছিমনে থাকা গরু ব্যবসায়ী আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক