ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধান হিসেবে কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকেল আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর সোয়া ৩টায় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন তিনি।
সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রথম দর্পণ,ডেস্ক