ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বেলা ৩টায় অধিবেশন বসবে। সংক্ষিপ্ত এ অধিবেশনকে ঘিরে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সংসদ উত্তপ্ত হওয়ার আভাস পাওয়া গেছে।
এ অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। এসব বিল নিয়েও বিরোধী দলের সঙ্গে সরকারপক্ষের উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ অধিবেশনেই জাতীয় সংসদের বাকি সংসদীয় কমিটিগুলোর গঠন সম্পন্ন হতে পারে।
অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের মেয়াদকাল, আলোচ্যসূচি, বিল, প্রশ্নোত্তর ও ৭১ বিধিসহ সার্বিক কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। একই দিন সকাল ১১টায় বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গত ১১ আগস্ট সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। গত ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ায় আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা ছিল। তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। এ কারণে নির্ধারিত সময়ের আগেই অধিবেশন শুরু হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তৃতীয় অধিবেশন প্রায় ১১ কার্যদিবস চলতে পারে। অধিবেশন শেষ হওয়ার পর ২১ সেপ্টেম্বর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
আসছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিলসংসদে উত্থাপনের জন্য জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ইতোমধ্যে সংসদ সচিবালয়ে জমা হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন এবং র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও বিল আকারে উত্থাপনের জন্য শিগগির জমা দেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্রের ধারণা, এসব বিল উত্থাপনের পর চলতি অধিবেশনেই পাস হতে পারে।
সংকট ও সাম্প্রতিক ইস্যুতে সরব হবে বিরোধী দলবিরোধী দল সূত্র জানিয়েছে, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরা হবে। এসব বিষয়ে একাধিক মুলতবি প্রস্তাবও উত্থাপন করা হতে পারে।
ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) গত অধিবেশনে সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন নিয়ে আলোচনার জন্য নোটিস দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রথমে আলোচনার সিদ্ধান্ত হলেও বাজেট অধিবেশনে সময়স্বল্পতার কারণে তা স্থগিত করা হয়। তৃতীয় অধিবেশনে বিষয়টি আবারও আলোচনায় আসতে পারে।
গঠন হবে বাকি ৩৫ সংসদীয় কমিটিজাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের প্রথম তিনটি অধিবেশনের মধ্যে সব সংসদীয় কমিটি গঠনের কথা রয়েছে। তবে প্রথম দুই অধিবেশনে মাত্র ১৫টি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদে মোট সংসদীয় কমিটি ৫০টি। এর মধ্যে মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ১১টি।
এ পর্যন্ত মন্ত্রণালয়সম্পর্কিত ৯টি এবং বিষয়ভিত্তিক ৬টি কমিটি গঠন করা হয়েছে। ফলে বাকি ৩৫টি কমিটি চলতি অধিবেশনেই গঠন করতে হবে।
জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে বিরোধী দলের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ১১টির সভাপতি হওয়ার কথা। তবে এ পর্যন্ত গঠিত ১৫টি কমিটির মধ্যে মাত্র একটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। অবশ্য বিগত কয়েকটি সংসদেও এ কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা হয়েছে।
অন্য কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিরোধী দল সূত্র জানায়, কমিটির সভাপতি করার ক্ষেত্রে গত অধিবেশনে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অন্তর্ভুক্তির শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু বিরোধী দল ওই কমিটি বর্জন করায় সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে।
‘সংক্ষিপ্ত অধিবেশন, গুরুত্বপূর্ণ বিল পাস হবে’সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংসদ অধিবেশন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যবর্তীকালীন এ অধিবেশন সংক্ষিপ্ত হবে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে পাস হবে। বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে তা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
চিফ হুইপ আরও জানান, চলতি অধিবেশনেই সংসদীয় কমিটিগুলোর গঠন সম্পন্ন করা হবে।
সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ওই এলাকায় অস্ত্র, বিস্ফোরক এবং ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গত সোমবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সময় থেকে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এর আওতায় রয়েছে।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)