নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধসের ফলে সৃষ্ট বাঁধসদৃশ একটি হ্রদের তীর ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে সতর্কতা জারি করেছে চীন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত হ্রদটিতে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমেছে। নদীর স্বাভাবিক প্রবাহ ভূমিধসের ধ্বংসাবশেষে আটকে যাওয়ার পর সেখানে প্রাকৃতিক জলাধারটির সৃষ্টি হয়।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে ভূমিধসের পর হ্রদটি তৈরি হয়। বৃহস্পতিবার থেকেই সেখান থেকে পানি উপচে পড়তে শুরু করেছে।
কর্মকর্তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তের মধ্যে হ্রদটিতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এতে হ্রদের তীর ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়বে এবং ভাটির দিকে নতুন করে বন্যা দেখা দিতে পারে।
সাময়িক বন্ধ ছিল উদ্ধারকাজবন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে চীনের উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবার উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
হ্রদের পানির স্তর ও নদীর প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে ভাটির এলাকার মানুষের জন্য নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স