ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেপালের সাম্প্রতিক বন্যার ভয়াবহতা নজিরবিহীন। প্রবল স্রোতে ভবন পর্যন্ত ভেসে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প জানান, বন্যার পর নেপালে প্রায় ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেপালের নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক