মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই ম্যাচের দশম মিনিটকে বেছে নেওয়া হয়েছে। পুরুষ ও নারী—উভয় বিভাগের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় এ কর্মসূচি কার্যকর হবে।
শুধু করতালি নয়, যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব ভেন্যুতে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তা প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ হবে।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে মেসি করেছেন ১২৫ গোল। খেলেছেন রেকর্ড ছয়টি বিশ্বকাপ। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দেন তিনি।
বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলা এবং ২৩টি ম্যাচে জয় পাওয়ার রেকর্ডও মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এবার ঘরোয়া ফুটবলের মাঠে বিশেষ এই সম্মাননা আয়োজন করছে এএফএ।

প্রথম দর্পণ,ডেস্ক