বাঁশখালীর পরিবেশ উত্তপ্ত না করার আহ্বান বিএনপি নেতা পাপ্পার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ দুপুর
  • ৮৪৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিএনপির বিরুদ্ধে অশালীন, উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার বিকেল ৫টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা খণ্ড খণ্ড মিছিল সেখানে জড়ো হয়। পরে মিছিলটি বড় আকার ধারণ করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার দারোগা বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘যাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, আজ তাঁদের কেউ কেউ বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু হুমকি, উসকানি কিংবা অশালীন বক্তব্যের মাধ্যমে বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা উচিত নয়।’

সরকারি কর্মকর্তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে তাঁদের বিব্রত বা চাপের মধ্যে রাখার চেষ্টা করা অনুচিত।

সাবেক প্রধানমন্ত্রীর বাঁশখালী সফরের প্রসঙ্গ তুলে পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী বাঁশখালীতে এলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং যথাযথ সম্মান দিয়ে মঞ্চে স্থান দেওয়া হয়েছিল। সময়ের স্বল্পতার কারণে অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। অন্যদিকে, ‘আপনাদের আমির’ বাঁশখালীতে এলেও বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘তা সত্ত্বেও আমরা কোনো বিরোধ সৃষ্টি করতে চাই না। বাঁশখালীতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে চাই।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মুহাম্মদ লোকমানের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, আমিনুর রহমান চৌধুরী, আবদুস সবুর, জেলা জিপি অ্যাডভোকেট কাশেম চৌধুরী, দেলোয়ার আজিম, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, সাবেক চেয়ারম্যান আসহাব উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সরওয়ার আলম আস্করি, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, খোরশেদ আলম আইয়ুব, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, এম আবদুল হক, জাহেদুল হক ও ফৌজুল কবির মেহেদী।

এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad