রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুমাইয়া শিমু। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, অভিনয় তার নিজের জায়গা। দীর্ঘদিন এই জায়গাটিকে মিস করেছেন। আবার কাজ করতে পারায় তিনি আনন্দিত।
নতুন ধারাবাহিক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কাজটি কেমন হবে তা এখনই বলা কঠিন। তবে পুরো টিম নিজেদের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করবে। দীর্ঘ বিরতির পর পরিচিত অঙ্গনে ফিরতে পেরে তার ভালো লাগছে বলেও জানান তিনি।
‘ফিরে আসার গল্প’-এ তরুণ প্রজন্মের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে অভিনয় করছেন সুমাইয়া শিমু। নতুন প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর সঙ্গে এর আগে কাজ করার সুযোগ হয়নি জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকেও শেখার অনেক কিছু রয়েছে। একইভাবে সেলিম, জাহিদ ও মিঠু আপার মতো গুণী শিল্পীদের কাছ থেকেও তিনি অভিনয়ের অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করেন।
এর আগে নুহাশ হুমায়ূনের ওটিটি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া শিমু। তখন তিনি জানিয়েছিলেন, পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবার অভিনয়ে ফিরবেন। ‘ফিরে আসার গল্প’ সেই প্রত্যাবর্তনেরই বাস্তব রূপ হিসেবে সামনে এসেছে।
দীর্ঘ অভিনয়জীবনে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘ফাঁদ ও বগার গল্প’-সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন সুমাইয়া শিমু।
অন্যদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ওই সাফল্যের পর তার নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স