সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ৬৪ শতাংশ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ বিকাল
  • ১৭৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি খাতে মেধাবীদের ধরে রাখা ও বেসরকারি খাতের সঙ্গে বেতন বৈষম্য কমানোর যুক্তি

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকারপ্রধানদের একজন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন আরও বাড়ছে। প্রায় ১৫ বছর পর দেশটির প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন প্রায় ৬৪ শতাংশ বাড়িয়ে ৩৬ লাখ সিঙ্গাপুরি ডলার করা হয়েছে।

মঙ্গলবার সিঙ্গাপুরের সংসদে বেতন বৃদ্ধির এ সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী লরেন্স ওং। বর্তমানে তার বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুরি ডলার। নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুরি ডলারে দাঁড়াবে, যা প্রায় ২৮ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ কোটি টাকার সমপরিমাণ। অর্থাৎ এক ধাক্কায় তার বার্ষিক বেতন বাড়ছে ১০ লাখ মার্কিন ডলারের বেশি।

একই সঙ্গে দেশটির অন্যান্য মন্ত্রীদের বেতনও সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে লরেন্স ওং জানিয়েছেন, বেতন বৃদ্ধির ফলে তিনি যে অতিরিক্ত অর্থ পাবেন, তা আগামী পাঁচ বছর বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।

বেতন বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে লরেন্স ওং বলেন, সরকারি সেবায় দক্ষ ও মেধাবী ব্যক্তিদের ধরে রাখা এবং সরকারি ও বেসরকারি খাতের বেতনের বড় ব্যবধান কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, বিষয়টি স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে কঠিন হলেও সরকারের নেতৃত্বের মান বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তটি প্রয়োজনীয়।

সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে দুর্নীতি প্রতিরোধের অন্যতম কৌশল হিসেবে সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের তুলনামূলক বেশি বেতন দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতি ধারণা সূচক অনুযায়ী, দুর্নীতির দিক থেকে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। একই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ২৯তম।

তবে নতুন বেতন কাঠামো নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে সমালোচনাও দেখা দিয়েছে। সিঙ্গাপুরে সাধারণ মানুষের গড় মাসিক আয় যেখানে ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুরি ডলার, সেখানে প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধির পরিমাণকে অনেকেই অতিরিক্ত বলে মনে করছেন।

বিশ্লেষকদের হিসাবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আগের বেতনও মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক চার লাখ ডলার এবং হংকংয়ের প্রধান নির্বাহী জন লির প্রায় ৭ লাখ ১৯ হাজার ডলারের বেতনের তুলনায় অনেক বেশি ছিল।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের রাষ্ট্রবিজ্ঞানী জা ইয়ান চং মনে করেন, উচ্চ বেতন দিলেই রাজনীতিতে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। ২০২৪ সালে দেশটির সাবেক পরিবহণমন্ত্রী সুব্রহ্মণ্যম ঈশ্বরনের ঘুষ কাণ্ড এ বাস্তবতার উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad