অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন, এক ক্লিকেই মিলবে তথ্য

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থাকে ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী বলেন, নতুন ডিজিটাল পদ্ধতিটি অন্যান্য সার্ভারের সঙ্গে সমন্বিত করা হলে এক ক্লিকেই যেকোনো ব্যক্তির বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য জানা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ভিসার আবেদন প্রক্রিয়াতেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিবাহসংক্রান্ত জালিয়াতিও ঠেকানো সম্ভব হবে। বিভিন্ন সার্ভারের সঙ্গে তথ্যব্যবস্থা সংযুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া যাবে।

১০ উপজেলায় পাইলট কার্যক্রম

প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে। এতে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান আইনমন্ত্রী।

ব্র্যাককে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, সরকারের কোনো দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটিকে যুক্ত করা হয়নি। বরং বিবাহসংক্রান্ত বিষয়ে মাঠপর্যায়ে ব্র্যাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৫৫ বছর ধরে ব্র্যাক দেশের গ্রামপর্যায়ে নারীদের বৈবাহিক অবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ব্র্যাকের বিশেষজ্ঞতা কাজে লাগানো হচ্ছে; এটি সরকারের দুর্বলতার বিষয় নয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad