জীবননগরে পাটের ভালো ফলন, দামেও স্বস্তি কৃষকের

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ দুপুর
  • ১৫৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি ও পর্যাপ্ত পানির কারণে পাট জাগ দিতে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি কৃষকদের। অন্যদিকে স্থানীয় বাজারে পাটের ভালো দাম ও চাহিদা থাকায় ফলন ও বাজারদর—দুই দিক থেকেই স্বস্তিতে রয়েছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা শেষে এখন জাগ থেকে পাট তুলে আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাটচাষি শিপন বলেন, এবার তিনি তিন বিঘা জমিতে পাট আবাদ করেছেন। প্রতি বিঘায় প্রায় ১০ মণ করে পাট পাওয়ার আশা করছেন তিনি। এলাকার নদ-নদী ও জলাশয়ে পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে কোনো সমস্যা হয়নি। বাজারে চাহিদার পাশাপাশি ভালো দাম থাকায় এবার পাট চাষে লাভের আশা করছেন তিনি।

উপজেলার আরেক চাষি জসিম বলেন, তাঁর জমিতে পাটের ফলন ভালো হয়েছে। নদীতে জাগ দেওয়া পাট অল্প কয়েক দিনের মধ্যে পরিষ্কার করে রোদে শুকিয়ে বাজারে তুলবেন। এবার পাটের পাশাপাশি পাটখড়িরও ভালো চাহিদা রয়েছে। অনেকে আঁটি প্রতি প্রায় ৬০ টাকা দরে পাটখড়ি বিক্রি করছেন। কেউ কেউ জলাশয়ে জাগ দেওয়া অবস্থায় পাট পরিষ্কার করে পাটখড়ি নিয়ে যাচ্ছেন। এতে উৎপাদন খরচ কিছুটা কমার পাশাপাশি বাড়তি আয় হচ্ছে।

মণপ্রতি পাট ৩৫০০ থেকে ৩৭০০ টাকা

জীবননগরের স্থানীয় বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের রং ও মান ভালো হলে দামও বেশি পাওয়া যাচ্ছে।

এ ছাড়া পাটখড়িও বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে পাটখড়ির আঁটি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। ফলে পাটের পাশাপাশি পাটখড়ি বিক্রি করে কৃষকরা বাড়তি আয় করছেন।

১৬২০ হেক্টর জমিতে পাট

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এবার উপজেলায় ১ হাজার ৬২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মাটির উর্বরতা, সময়মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ফলন ভালো হয়েছে।

তিনি বলেন, কৃষকদের সঙ্গে উপজেলা কৃষি অফিসের নিয়মিত যোগাযোগ এবং সাধ্যমতো সহযোগিতার কারণেও পাট চাষে ইতিবাচক ফল পাওয়া গেছে।

তথ্যসূত্র: জীবননগর উপজেলা কৃষি অফিস, স্থানীয় বাজারের তথ্য এবং পাটচাষিদের বক্তব্য; প্রতিবেদন—আশিকুর রহমান রাজ, জীবননগর (চুয়াডাঙ্গা), আমার দেশ, প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad