তরুণ উদ্যোক্তাদের বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ বিকাল
  • ৩১৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে। এ জন্য ৫০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

জামানত ছাড়াই ঋণ

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে।

বেতন ও শিক্ষা খাতে উদ্যোগ

সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দিয়েছেন বলে জানান মাহদী আমিন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রেমিট্যান্স বেড়েছে ১৩.১ শতাংশ

প্রবাসী আয়ের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার।

এ ছাড়া সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগের কথাও জানান তিনি। একই সঙ্গে বন্যাদুর্গত নেপালে বাংলাদেশ ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তথ্যসূত্র: যায়যায়দিন অনলাইন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad