মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
জানা গেছে, শাকিলের চাকরির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতায় শাকিলের চাকরির ব্যবস্থা করেন।
আজন্ম দৃষ্টিহীন শাকিল মেধা ও পরিশ্রমের মাধ্যমে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। দৃষ্টিহীনতার কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও তিনি চেষ্টা চালিয়ে যান। বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ঘুরেও এতদিন কাঙ্ক্ষিত সুযোগ পাননি।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: যায়যায়দিন, ১৬ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক