এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও সুযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ রাত
  • ১৭০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। এসব শিক্ষার্থীর সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে আগামী ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত কিংবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পাঠ্যসূচি নির্ধারণ

নিয়মিত পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

ফি জমার শেষ তারিখ ১০ নভেম্বর

পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে নির্ধারিত অর্থ জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ওই জমার রসিদ সংরক্ষণ করতে হবে।

বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী, প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা দিতে হবে। এ ছাড়া কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad