সরকারের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: সালেহ শিবলী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ বিকাল
  • ২৪০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।

সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিসহ নানা চ্যালেঞ্জের কারণে সংকট তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এর ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং খুব শিগগিরই জনগণ এর স্থায়ী সুফল পেতে শুরু করবে।

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ উল্লেখ করে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তাঁর দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে বিষয়টি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন। ক্ষমতা ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব—সরকার সে দায়িত্ব পালনের মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি আহ্বান পুনর্ব্যক্ত করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় দিয়ে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

গুজব ঠেকাতে ফ্যাক্ট চেকের আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সালেহ শিবলী।

তিনি বলেন, সংবাদমাধ্যমগুলোর উচিত প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট ফ্যাক্ট চেক বা সত্য-মিথ্যা যাচাইসংক্রান্ত সংবাদ প্রচার করা। এতে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজব থেকে রক্ষা পাবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।

তথ্যসূত্র: যায়যায়দিন, প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad