ম্যাকলমোরের ১০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ দুপুর
  • ১৪৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দানের ঘোষণা দিয়েছেন মার্কিন র‌্যাপার ম্যাকলমোর। এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া পুরো নিট আয় ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনের মাধ্যমে ব্যয় করবেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ম্যাকলমোর এ ঘোষণা দেন। এর আগে কনসার্টে প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর এড শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে তাকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এ ঘোষণা এলো।

ম্যাকলমোরের আসল নাম বেন হ্যাগার্টি। বিবৃতিতে তিনি বলেন, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার পুরো ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনকে দেওয়া হবে।

একই সঙ্গে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক ধনকুবের রবার্ট ক্র্যাফটকেও সমপরিমাণ অর্থ দানের আহ্বান জানান তিনি। ম্যাকলমোর বলেন, মতপার্থক্য থাকলেও ফিলিস্তিনিদের জীবন রক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে অন্তত একমত হওয়া সম্ভব।

সফর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক

রবার্ট ক্র্যাফট নিশ্চিত করেছেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দিতে তিনি এড শিরানের ওপর চাপ দিয়েছিলেন। তার অভিযোগ, ম্যাকলমোরের ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীকের দীর্ঘ ইতিহাস’ রয়েছে। এ কারণে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিকানাধীন গিলেট স্টেডিয়ামেও ম্যাকলমোরকে অনুষ্ঠান করার সুযোগ না দেওয়ার কথা জানান তিনি।

তবে ম্যাকলমোর বলেন, তার অর্থ দানের সঙ্গে নিজের বা চলমান বিতর্কের কোনো সম্পর্ক নেই। তিনি তাদের কথা সামনে আনতে চান, যারা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই সন্তানদের কোলে নিয়ে হাসপাতালে ছুটছেন। পাশাপাশি ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের কথাও উল্লেখ করেন তিনি।

ইসরাইলি হামলায় আহত এক ব্যক্তিকে সহায়তা করতে গিয়ে নিহত ফিলিস্তিনি কিশোর মুহাম্মদ আল-জিনাতির কথাও উল্লেখ করেন ম্যাকলমোর। তিনি বলেন, ওই কিশোর একজন শিশু ছিল এবং দুজনকেই হত্যা করা হয়েছে।

রাজনৈতিক পরিবর্তনের আহ্বান

ম্যাকলমোর বলেন, শুধু ত্রাণ দিয়ে ফিলিস্তিনের পরিস্থিতির সমাধান সম্ভব নয়। তার ভাষায়, এটি মানুষের তৈরি অবিচার এবং এ জন্য দ্রুত রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য আর এক দিনও অপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের সঙ্গে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ম্যাকলমোর। একই অনুষ্ঠানে তিনি তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন। এর পরই শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে তাকে বাদ দেওয়া হয়।

ম্যাকলমোরের দাবি, ১৩ বছরের বন্ধু শিরান তাকে জানিয়েছিলেন—ম্যাকলমোরকে সফর থেকে বাদ না দিলে অন্য স্টেডিয়াম মালিকদের বয়কট সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন রবার্ট ক্র্যাফট।

তবে শিরান এ দাবি অস্বীকার করে বলেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সফরের আয়োজক ও ভেন্যুগুলো নিয়েছে, তিনি নন। ইনস্টাগ্রামে শিরান বলেন, এ সিদ্ধান্তের সঙ্গে তিনি জড়িত নন। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তার ব্যক্তিগত মতামত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকাশ্যে কথা না বলার সিদ্ধান্তের অর্থ এই নয় যে তার কোনো মতামত নেই।

শিরান আরও বলেন, তিনি নিজের মঞ্চকে রাজনৈতিক ফোরাম হিসেবে নয়, বরং নিরাপদ ও আশ্রয়ের জায়গা হিসেবে রাখতে চান।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad