বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, কৃষি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে এবং কৃষক শক্তিশালী হলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। আদা, মরিচ, টমেটো ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি এসব পণ্য রপ্তানির সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
কৃষিমন্ত্রী জানান, মাটির গুণগত মান রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে। সারের ডিলার নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সম্প্রতি ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
বৈঠকে ফসল ও মাটিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়িয়ে মাটির গুণগত মান রক্ষার বিষয়ে আলোচনা হয়।
কৃষি মন্ত্রণালয় জানায়, আগের বছরগুলোর তুলনায় চলতি বছর কৃষক পর্যায়ে রেকর্ড পরিমাণ সার সরবরাহ করা হয়েছে।
এ ছাড়া যশোরের গদখালীতে ফুল ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতলের পতিত জমিতে তুলা চাষ, চরাঞ্চলে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম উৎপাদন বাড়ানো, কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী কৃষকদের বিদেশে পাঠানোর বিষয়েও আলোচনা হয়।
পাটচাষিরা যাতে ন্যায্যমূল্য পান এবং পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানো যায়, সে জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমকে সরকারের সার্বিক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে টেকসই ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা, মো. গোলাম রছুল ও মো. আব্দুল বারী সরদার উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ১৬ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক