নতুন পে স্কেলের গেজেট জারি, জুলাই থেকে ধাপে ধাপে বাড়বে বেতন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ দুপুর
  • ৪৪২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর গেজেট প্রকাশ করা হয়েছে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে। তবে নতুন বেতনের পুরো সুবিধা একসঙ্গে দেওয়া হবে না; নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে তা কার্যকর হবে।


গেজেট অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। গেজেট জারির আগে ১ জুলাই থেকে যে সময় অতিবাহিত হয়েছে, সেই সময়ের প্রাপ্য অর্থও বকেয়া হিসেবে সমন্বয় করা হবে।


দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের জন্য বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধিসহ নতুন বেতন কাঠামোর পূর্ণ সুবিধা কার্যকর হবে।


সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার


নতুন বেতন কাঠামোয় ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। আর গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার এবং গ্রেড-৪-এ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।


গ্রেড-৫-এর মূল বেতন ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, গ্রেড-৭-এ ২৯ হাজার থেকে ৫৮ হাজার, গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে ৪৬ হাজার এবং গ্রেড-৯-এ ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা হয়েছে।


গ্রেড-১০-এর মূল বেতন ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-১১-এ ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার, গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে ২৪ হাজার, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা হয়েছে।


এ ছাড়া গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


শীর্ষ কর্মকর্তাদের বেতনও বাড়ছে


নতুন গেজেটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদগুলোর মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এসব পদের বেতন ছিল ৮৬ হাজার টাকা। সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬৪ হাজার টাকা হয়েছে।


ভাতা এখনই পুরোপুরি বাড়ছে না


নতুন মূল বেতন কার্যকর হলেও বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও বাংলা নববর্ষসহ বিভিন্ন ভাতার নতুন হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। গেজেট অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত এসব ভাতা বিদ্যমান হারে দেওয়া হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হারে ভাতা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে।


চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা


নতুন কাঠামোয় চিকিৎসা ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর এক দিন বয়স থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।


পেনশনভোগীদের ক্ষেত্রে বয়স অনুযায়ী চিকিৎসা ভাতা ধাপে ধাপে বাড়বে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর এক দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর এক দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।


বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ


গেজেট অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।


অন্যান্য নির্ধারিত সিটি করপোরেশন ও পৌর এলাকায় বাড়িভাড়ার হার হবে তুলনামূলক কম। সেখানে গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ের চাকরিজীবীরা মূল বেতনের ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।


বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ


সরকারি কর্মচারীরা আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও নির্ধারিত নিয়মে এ সুবিধা পাবেন।


এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্যও ভাতা প্রদানের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে।

পেনশনও ধাপে ধাপে সমন্বয়

নতুন বেতন কাঠামোর সঙ্গে পেনশনভোগীদের সুবিধাও ধাপে ধাপে সমন্বয় করা হবে। প্রথম ধাপে নিট পেনশনের স্তর অনুযায়ী বর্ধিত অংশের ৪০ বা ৫০ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭০ বা ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ নিট পেনশন কার্যকর হওয়ার কথা রয়েছে।


এদিকে জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে সরকারি চাকরিজীবীদের দেওয়া আগের ‘বিশেষ সুবিধা’ বিলুপ্ত বলে গণ্য হবে। ১ জুলাই থেকে গেজেট জারির সময় পর্যন্ত কেউ ওই সুবিধা পেয়ে থাকলে তা নতুন বেতন কাঠামোর অধীনে প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad