আমার দেশ অনলাইন
আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ওই দিন নিয়মিত কার্যক্রম চলবে।
সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষাপঞ্জিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিন হিসেবে রাখা হয়েছে।
ছুটি থাকবে যেসব প্রতিষ্ঠানে২৩ সেপ্টেম্বর দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।
এ ছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির দিন পরিবর্তন করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের পিটিআইগুলোতে আগে নির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
সরকারি অফিসে নিয়মিত কার্যক্রমসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি প্রযোজ্য নয়। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে দিনটি স্বাভাবিক কর্মদিবস হিসেবে গণ্য হবে।
তবে সরকারি চাকরিজীবীদের কেউ চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
অন্যদিকে ব্যাংক, বীমা, করপোরেট প্রতিষ্ঠানসহ বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাধারণভাবে স্বাভাবিক কার্যক্রম চলবে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি বা কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হতে পারে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)