ইন্টারভিউয়ে যেসব প্রশ্নের উত্তর আগে থেকেই প্রস্তুত রাখবেন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ৫৮২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চাকরির সাক্ষাৎকার বা ইন্টারভিউ চাকরিপ্রার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অনেকের কাছে এটি মানসিক চাপেরও কারণ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেও সাক্ষাৎকার বোর্ডের সামনে গিয়ে অনেক প্রার্থী আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। নিয়োগ বিশেষজ্ঞদের মতে, ইন্টারভিউতে ভালো করার অন্যতম চাবিকাঠি হলো যথাযথ প্রস্তুতি। প্রায় সব সাক্ষাৎকারেই কিছু সাধারণ প্রশ্ন করা হয়। সেগুলোর উত্তর আগে থেকেই গুছিয়ে রাখলে আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের যোগ্যতা তুলে ধরা সহজ হয়।

নিয়োগদাতারা সাধারণত প্রার্থীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, কাজের প্রতি আগ্রহ, পেশাদারিত্ব এবং সংশ্লিষ্ট পদের জন্য উপযুক্ততা যাচাই করতে এসব প্রশ্ন করেন। তাই সাক্ষাৎকারে যাওয়ার আগে অন্তত নিচের প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত রাখা ভালো।

নিজের সম্পর্কে বলুন

নিজের পরিচয় দিতে গিয়ে শৈশব বা পারিবারিক ইতিহাস দীর্ঘ করে বলার প্রয়োজন নেই। দুই মিনিটের মধ্যে সাম্প্রতিক শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো সংক্ষেপে তুলে ধরুন।

কেন এই চাকরিতে যোগ দিতে চান?

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতিষ্ঠানের সাম্প্রতিক সাফল্য, লক্ষ্য, কার্যক্রম কিংবা কাজের পরিবেশের কোন দিকটি আপনাকে আকৃষ্ট করেছে—তা সুনির্দিষ্টভাবে তুলে ধরুন। এতে প্রতিষ্ঠানটির প্রতি আপনার আগ্রহ ও প্রস্তুতির বিষয়টি বোঝানো সম্ভব হবে।

আপনার বড় শক্তি কী?

নিজের গুণাবলি বলার ক্ষেত্রে অতিরঞ্জন না করে বাস্তব উদাহরণ দিন। যেমন, আপনি যদি বলেন চাপের মধ্যে কাজ করতে পারেন, তাহলে অতীতে কোনো সংকটপূর্ণ পরিস্থিতিতে কীভাবে কাজটি সামলেছেন, তার সংক্ষিপ্ত উদাহরণ দিতে পারেন।

আপনার দুর্বলতা কী?

এটি সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। এমন দুর্বলতার কথা বলা ঠিক নয়, যা সরাসরি আপনার কাজের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। বরং এমন কোনো দুর্বলতা তুলে ধরতে পারেন, যা কাটিয়ে উঠতে আপনি ইতিমধ্যে কাজ করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আগে একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তেন, কিন্তু এখন সময় ব্যবস্থাপনার মাধ্যমে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কেন আপনাকে নিয়োগ দেব?

এ প্রশ্নের উত্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দায়িত্বের সঙ্গে নিজের দক্ষতার যোগসূত্র তুলে ধরুন। আপনি কীভাবে প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণ করতে পারবেন, সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রমে অবদান রাখতে পারবেন—তা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা করুন।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?

এই প্রশ্নের মাধ্যমে নিয়োগদাতারা প্রার্থীর দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। আগামী তিন থেকে পাঁচ বছরে সংশ্লিষ্ট খাতে নিজের পেশাগত উন্নয়নের লক্ষ্য এবং একই সঙ্গে প্রতিষ্ঠানের অগ্রগতিতে কীভাবে ভূমিকা রাখতে চান, তা তুলে ধরতে পারেন।

শুধু মুখস্থ উত্তর নয়

ইন্টারভিউতে সফলতা কেবল মুখস্থ করা কিছু উত্তরের ওপর নির্ভর করে না। ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। তাই সাক্ষাৎকারের আগে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর কয়েকবার অনুশীলন করা উপকারী। প্রয়োজনে আয়নার সামনে অনুশীলন করলে নিজের কথা বলার ধরন ও দুর্বলতাগুলোও আগে থেকে শনাক্ত করা সম্ভব।

তথ্যসূত্র: লাইফস্টাইল ডেস্ক, আজকের পত্রিকা; প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad