বাংলাদেশ সময় বেলা ২টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। একই সময়ে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৪ ডলারে দাঁড়ায়।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন বলেন, স্বর্ণের বাজার বর্তমানে ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৪০০ ডলারের মধ্যে লেনদেন হচ্ছে। ফেডের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সুদের হার, বন্ডের ফলন ও এর প্রভাবে ডলারের অবস্থান এবং তেলের দামের ওঠানামা স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ শতাংশ করেছে। চলতি বছরের শেষ হওয়ার আগে আরও এক দফা সুদের হার বাড়ানোরও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদ বা লভ্যাংশ প্রদানকারী সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩৯ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৯৪ দশমিক ২৮ ডলার। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ দশমিক ৬৫ ডলারে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক