পেট্রোলিয়াম লেভি নিয়ে আলোচনার আশ্বাস, জামায়াতের লংমার্চ স্থগিত চাইলেন শাহবাজ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ বিকাল
  • ৩২৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে পাকিস্তান জামায়াতে ইসলামীর চলমান ‘সুপার ট্রেন’ মার্চ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈম উর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

জামায়াতের ‘সুপার ট্রেন’ মার্চ ইসলামাবাদ অভিমুখে যাওয়ার পথে মুলতানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এ ফোন করেন বলে দলটির এক মুখপাত্র জানিয়েছেন।

দেশে ফিরে আলোচনার আশ্বাস

করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরিফ দেশে ফিরে না আসা পর্যন্ত ট্রেন মার্চ সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি দেশে ফিরে জামায়াতের সঙ্গে পেট্রোলিয়াম লেভি নিয়ে অর্থবহ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

জামায়াতের মুখপাত্র জানান, মুলতানে পৌঁছানোর পরই দলটির আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর এ কথোপকথন হয়।

শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের কথা

টেলিফোনে আলোচনার সময় হাফেজ নাঈম উর রহমান বলেন, জামায়াত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিংবা সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। সাধারণ মানুষের উদ্বেগ ও দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতেই দলটি রাজপথে আন্দোলন করছে।

এ কারণে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সরকারের সম্মান করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

সিদ্ধান্ত নেবে শূরা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লংমার্চ স্থগিতের অনুরোধ পাওয়ার পর বিষয়টি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরার’ সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জামায়াত আমির। শূরার পরামর্শের ভিত্তিতেই পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সরকারের অনুরোধে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলেও প্রতিবাদের অধিকার থেকে জামায়াত সরে আসবে না বলে জানিয়েছেন হাফেজ নাঈম উর রহমান।

তথ্যসূত্র: জিও নিউজ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad