মার্কিন অবরোধ প্রত্যাহার হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ বিকাল
  • ৪৪৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সংকট সমাধানের উদ্যোগ নিলে আলোচনায় ফিরতেও ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা এসব কথা বলেন। একই দিনে জাপানের কিয়োদো নিউজও ইরানের এমন প্রস্তাবের খবর প্রকাশ করে। রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে।

আলোচনার জন্য প্রস্তুত ইরান

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে কূটনৈতিকভাবে সংকট সমাধানের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং এরপর আলোচনার প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করতে হবে। ওয়াশিংটন বাস্তব পদক্ষেপ নিলে তেহরানও আলোচনায় ফিরতে প্রস্তুত।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর বিষয়ে ওই প্রতিনিধিদলকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তা।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতার বিস্তারিত বিষয় নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা যেতে পারে। তেহরানের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ওয়াশিংটনের জন্য কূটনীতিতে ফেরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবটি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন পেয়েছে বলে এক ইরানি কর্মকর্তা দাবি করেছেন। তবে রয়টার্সের প্রতিবেদনে এ অনুমোদনের বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করা হয়নি।

পেজেশকিয়ান-ট্রাম্প বৈঠক হচ্ছে না

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তবে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে ইরানি ওই কর্মকর্তা জানিয়েছেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এটি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনার খবরে বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়েছে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার তেলের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

তথ্যসূত্র: রয়টার্স, কিয়োদো নিউজ; আল-জাজিরা অবলম্বনে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad