আ.লীগকে জাহিদ হোসেন: এমন কাজ করবেন না, যাতে রাজনীতি বন্ধ হয়ে যায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ বিকাল
  • ২০০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব।’ তিনি বলেন, রাজধানীর হোটেল সেরাটনের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলি করে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশের মানুষ ভুলবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘হোটেল সেরাটনের সামনে আপনারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। এমন কোনো কাজ করবেন না, যাতে বাংলাদেশে আপনাদের রাজনীতি করাই বন্ধ করে দেয় জনগণ।’

স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িতদের মধ্যে মানসিক উদ্দীপনা সৃষ্টি করা না গেলে জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি বলেন, জনগণকে সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

ডিপ্লোমা মেডিকেল কর্মীদের নিয়োগ বিধি ও দশম গ্রেডসংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী কোনো বৈষম্য পছন্দ করেন না। তাই সংশ্লিষ্টদের যৌক্তিক দাবি পূরণের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন গ্রেড ও পদে চলতি বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

উপজেলায় ১৫১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা কমপ্লেক্স নির্মাণ করা হবে। চিকিৎসাসেবার জন্য সাধারণ মানুষের বিপুল অর্থ ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি যৌক্তিক।

বেসরকারি খাতেও স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যসচেতনতা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ডি-ম্যাবের সদস্যরা জনগণের সবচেয়ে কাছের স্বাস্থ্যকর্মী। হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দ্রুত নিয়োগের দাবি

আলোচনা সভায় টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, এক বছর আগে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দেশের দরিদ্র ও অসহায় মানুষ বড় চিকিৎসকদের কাছে যেতে না পারলে ডিপ্লোমা মেডিকেল কর্মীদের কাছেই চিকিৎসা নিতে যান। এ কারণে খালি পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার পাশাপাশি বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহিদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হামিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্য এবং প্রকাশিত প্রতিবেদন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad