শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণ, চার দিন পর উদ্ধার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ দুপুর
  • ১৪৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগের চার দিন পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার চকপোতা গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রিয়াদ হোসেনের বাড়ি থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিয়াদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রেমের প্রস্তাব ও হুমকির অভিযোগ

উদ্ধার হওয়া আখি মনি শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, চকপোতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২০) দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন।

বিষয়টি ছাত্রীর পরিবার রিয়াদের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় আখি মনি। চকপোতা গ্রামের জামাদারের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা রিয়াদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

চার দিন পর বাড়ি থেকে উদ্ধার

নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয় কিংবা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতে ছাত্রীর মা শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তী সময়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন—চকপোতা গ্রামের রিয়াদ হোসেন (২০), তার মা ফরিদা বেগম (৪০), একই এলাকার হাফিজার রহমান (৫৫), রিয়াদের ভাই জিহাদ হোসেন (২৫) এবং কহিনুর বেগম ওরফে জেসমিন (৪০)।

মামলা দায়েরের পরদিন রোববার পুলিশ চকপোতা গ্রামে অভিযান চালিয়ে রিয়াদ হোসেনের বাড়ি থেকে আখি মনিকে উদ্ধার করে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad