ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামে ম্যাচটিতে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফেন রাদারফোর্ড আউট হওয়ায় ক্রিকেটপ্রেমীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন।
স্পাইকের পরও বদলাল না সিদ্ধান্তঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারের শেষ বলে। ভারতের অফস্পিনার নামান ধিরের বলে কাট করতে যান বাঁহাতি ব্যাটার রাদারফোর্ড। উইকেটের পেছনে ক্যাচটি নেন লোকেশ রাহুল। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন ভারতীয় খেলোয়াড়রা এবং মাঠের আম্পায়ার আঙুল তুলে রাদারফোর্ডকে আউট দেন।
সিদ্ধান্ত নিয়ে রিভিউ নেন রাদারফোর্ড। টেলিভিশন রিপ্লেতে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্পাইক দেখা যায়। বিষয়টি পর্যালোচনার জন্য সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শারফুদ্দৌলা সৈকতের কাছে। তবে তিনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।
এতে অসন্তোষ প্রকাশ করেন রাদারফোর্ড। আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
‘ব্যাট-প্যাডে লাগার কারণে স্পাইক’সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের একাংশ দাবি করেন, বল ব্যাটে লাগার কারণে নয়, ব্যাট-প্যাডে লাগার কারণেই স্পাইক তৈরি হয়েছিল। তাঁদের মতে, রিপ্লেতে ব্যাট ও বলের মধ্যে ফাঁকও দেখা গেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেন, রাদারফোর্ডের আউটটি সঠিক ছিল না; তাঁর দাবি, স্পাইকটি ব্যাট-প্যাডে লাগার কারণে হয়েছে।
সাংবাদিক বিক্রান্ত গুপ্তও সিদ্ধান্তটির সমালোচনা করেন। তাঁর দাবি, টেলিভিশন রিপ্লেতে ব্যাট ও বলের মধ্যে ফাঁক স্পষ্ট দেখা গেলেও তৃতীয় আম্পায়ার সেটি বিবেচনায় নেননি এবং স্নিকোতে ব্যাট-প্যাডের সংস্পর্শের ইঙ্গিত ছিল।
তবে ম্যাচের আনুষ্ঠানিক সিদ্ধান্তে রাদারফোর্ডকে আউটই দেওয়া হয়।
৩৫২ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই ম্যাচে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ৫ উইকেটে পেরিয়ে যায় তারা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ১৪৩ বলে অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর আগে ভারত ৫০ ওভারে ৩৫১ রান সংগ্রহ করে। দলের হয়ে লোকেশ রাহুল ৮৭ বলে অপরাজিত ১২৯, রোহিত শর্মা ৮৫ বলে ৯২ এবং রুতুরাজ গায়কোয়াড় ৫৭ রান করেন।
তবে প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ভারত।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স