ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ দুপুর
  • ১৫৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে গরুর মাংস। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জরিমানার শিকার ব্যক্তিরা হলেন ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল ইসলাম।

রাতে জবাই, দিনে বিক্রির প্রস্তুতি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাঁশথুপী গ্রামের রবিউল ইসলামের একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে রাতের আঁধারে অটোভ্যানে করে ওই গরুর মাংস বড়তারা গ্রামে নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় অসুস্থ গরু জবাইয়ের ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা

ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে তা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার বা বাজারজাত করা না যায়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরু জবাইয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অসুস্থ পশুর মাংস বিক্রি বা বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ধরনের অনিয়মের খবর পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে। জব্দ করা মাংসও মাটিতে পুঁতে ফেলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad