শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তালেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
গুজব ও সাম্প্রদায়িক উসকানিতে নজরদারিদুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে।
সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকায় মোতায়েন নির্ধারিত হবে চাহিদা অনুযায়ীঢাকায় বিজিবির মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বাহিনীটি।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।
তথ্যসূত্র: বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক