শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া আহসান। একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওর সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে ছিল গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়ি ও মানানসই ব্লাউজ। ভারী কানের দুল, হাতের অলংকার এবং চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। কখনো শাড়ির আঁচল সামলাতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসতে, আবার কখনো চুলের ফুল ঠিক করতে দেখা যায় তাকে।
ভিডিওতে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন অভিনেত্রী। গানের সুর ও তার সাবলীল অভিব্যক্তি মিলিয়ে ভিডিওতে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ। ভিডিওটির দৃশ্য ভারতের কলকাতায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও পোশাকের বৈচিত্র্যের জন্যও পরিচিত জয়া আহসান। আধুনিক সাজের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী পোশাকেও নিয়মিত দেখা যায় তাকে। দুর্গাপূজা উপলক্ষে এবার তার শাড়ি ও ফুলের গাজরায় সাজানো রূপ ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স