কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলছে। গত ২৭ অক্টোবর প্রায় এক হাজার ফুট গভীরতায় খননকাজ চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ কমার আশা
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে আপাতত গ্যাস উন্মুক্তভাবে নির্গত হতে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে।
নির্ধারিত সময়ে গ্যাসের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অগ্নিনির্বাপণ এবং গ্যাসের প্রবাহ বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে।
নিরাপত্তায় প্রশাসনের সতর্কতা
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, ঘটনাস্থলের আশপাশে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক