কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের সংস্পর্শে এসে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির দাবি, ট্যাংকারগুলো ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করছিল। এ সময় জাহাজগুলোর অবস্থান শনাক্তের প্রযুক্তি বা জিওলোকেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের একপর্যায়ে সেগুলো নৌমাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়ার বিষয়ে তেহরান বিভিন্ন সময়ে সতর্কবার্তা দিয়ে আসছে। বিশেষ করে অনুমোদন ছাড়া এই জলপথ ব্যবহার না করার বিষয়ে দেশটি হুঁশিয়ারি দিয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ এ জলপথের ওপর নির্ভরশীল। ফলে সেখানে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।
তবে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা বা কোন দেশের পতাকাবাহী জাহাজ—তাৎক্ষণিকভাবে জানায়নি আইআরজিসি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: আল জাজিরা ৩ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক