যশোরে কোটি টাকার খেজুরের গুড় উৎপাদনের আশা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ বিকাল
  • ৩১৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চৌগাছায় গাছ তোলা ও গাছি সমাবেশের মধ্য দিয়ে মৌসুমের আনুষ্ঠানিক সূচনা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে খেজুরগাছ প্রস্তুতকরণ বা ‘গাছ তোলা’ কার্যক্রমের উদ্বোধন এবং গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চৌগাছায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে একটি মৌসুমে গড়ে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। সেই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদিত হয়।

এ হিসাবে চৌগাছা উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আর পুরো যশোর জেলায় উৎপাদিত গুড়ের বাজারমূল্য কমপক্ষে ১০০ কোটি টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, চলতি মৌসুম থেকে খেজুরের গুড় বিদেশে রপ্তানির বিষয়ে সরকার কার্যকর ভূমিকা রাখবে। ইতোমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মধ্যে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনাসামগ্রী বিতরণ করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইনের বক্তব্য ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad